
এস.এম সাইফুল চৌধুরী
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল ৫নং ওয়ার্ডে মুজিবুন্নাহার মুন্নি ও তার ভাগ্নি লিজা মনি (১৭) এর উপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তরুণী মুজিবুন্নাহার মুন্নি নিজেই বাদী হয়ে রামু থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৪:২০ মিনিটে মুজিবুন্নাহার মুন্নি ও তার ভাগ্নি লিজা মনি ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল ৫নং ওয়ার্ডে মোঃ আব্দুল্লাহর বাড়ির সামনে যায়। প্রায় চার মাস আগে মোঃ আব্দুল্লাহ তার ছেলের অসুস্থতার জন্য মুন্নির কাছ থেকে ৫,০০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা নিয়ে ফেরার পথে বিবাদীদের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে মুন্নি ও লিজা মনিকে লাঠি-সোটা, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়া, তারা মুন্নির গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা) এবং ৪ আনা ওজনের একটি কানের ফুল (মূল্য আনুমানিক ৩০,০০০ টাকা) ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। অভিযুক্তরা পরবর্তীতে আরও মারধর, খুন-জখম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।
আহত মুজিবুন্নাহার মুন্নি বলেন, “বেপরোয়া তানিয়া আক্তার ও তার পরিবারের সদস্যরা মিলে আমাদের রাস্তার সামনে পিটিয়ে, কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমি কান্নাকাটি করলে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে। আমি ও আমার ভাগ্নি লিজা মনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি এখনো খুব আতঙ্কে আছি। আমি সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।”
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল ৫নং ওয়ার্ডে মুজিবুন্নাহার মুন্নি ও লিজা মনির উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে । এই ধরনের ঘটনা কেবল ভুক্তভোগীদের জীবনে আতঙ্ক তৈরি করে না, বরং এলাকার শান্তি ও নিরাপত্তার প্রশ্নও তুলে ধরে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসিরা।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc