আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ



কউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন: পেকুয়ার কৃতি সন্তানের সাফল্যের গল্প

রিদওয়ান করিম :
কক্সবাজারের পেকুয়া উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন সম্প্রতি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এ নিয়োগে কক্সবাজারসহ পেকুয়ার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২০ সালে রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (জিএম) পদ থেকে অবসর গ্রহণ করেন। চাকরি জীবনে তিনি একজন দক্ষ ও সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী। পেকুয়ার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি পাস করার পর দেশের সর্বোচ্চ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কৃতিত্বের সঙ্গে প্রকৌশল বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক জীবনেও তিনি একজন সফল মানুষ। তাঁর সহধর্মিণী ডা. আসমা চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের লালখান বাজার মমতা মাতৃসদন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জয়িতা চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ছেলে আসমাত জোবায়ের উচ্চশিক্ষা গ্রহণ করছে।

প্রকৌশলী জসিম উদ্দিনের পরিবারও সমাজে সুপরিচিত। তাঁর বড় ভাই ডা. নাসির উদ্দিন একজন কবি, সাহিত্যিক ও সাবেক ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তা। অপর ভাই অ্যাডভোকেট বেলাল উদ্দিন ১৯৯৩ সালের ৪ ডিসেম্বর চকরিয়া থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। তাঁর দুই বোন রোকেয়া বেগম ও আরিফা বেগম গৃহিণী।

এছাড়া শিলখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক তাঁর জেঠাতো ভাই। পারিবারিক ও সামাজিকভাবে তিনি একটি সম্মানিত পরিবারের সদস্য হিসেবে পরিচিত।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের বিশ্বাস, দীর্ঘ প্রশাসনিক ও প্রকৌশলগত অভিজ্ঞতা, সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন কক্সবাজারের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবেন এবং জেলার টেকসই ও পরিকল্পিত নগরায়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।