আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চিরিঙ্গা বাস স্টেশন মসজিদে স্বেচ্ছাচারিতা, নতুন কমিটি গঠনে ইউএনও’র কাছে আবেদন

চকরিয়া অফিস:

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ঐতিহ্যবাহী চিরিঙ্গা বাস স্টেশন জামে মসজিদ মেয়াদোত্তীর্ণ

কমিটির কতিপয় সদস্যদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে মসজিদে হ য ব র ল অবস্থা সৃষ্টি হয়েছে ।

বিগত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব পলাতক রয়েছেন।

তাই ২০১৯ সালে গঠিত আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করে নতুন কমিটি গঠনের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদন জমা দিয়েছেন দাতা সদস্য, স্থানীয় বাসিন্দা ও নিয়মিত মুসল্লিরা। গত ১০ মার্চ’২৫ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ আবেদন জমা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার আমির হোসেনকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

আবেদন সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্রে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ৫ আগষ্ট’২৪ রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ওই কমিটির আহবায়ক ও সদস্য সচিব পালাতক থাকায় মসজিদের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এছাড়া গত ২০১৯ সাল থেকে আয়- ব্যয়ের কোন হিসাব নিকাশ উপস্থাপন করতে পারেনি ওই কমিটি। ওই কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও কতিপয় সদস্যের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক পন্থা অবলম্বনসহ মসজিদের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রকল্প হাতে নিয়েছে। এতে কমিটির অপরাপর সদস্যদের মতামত উপেক্ষা ও কোন ধরণের কার্যবিবরণী পাশ করা হয়নি।

এদিকে সম্প্রতি আহবায়ক কমিটির কতিপয় সদস্য নিজেদের ইচ্ছামত একটি কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। এতে স্থানীয় লোকজন ও মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের আশঙ্খা রয়েছে।

অপরদিকে, মেয়াদোত্তীর্ণ কমিটির আহবায়ক ও সদস্য সচিব পলাতক এবং নানা অনিয়মের কারণে কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবী জানান স্থানীয় মুসল্লিরা।

আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ শামশুল আলম বলেন, কমিটির আহবায়ক ও সদস্য সচিব পলাতক থাকায় মসজিদের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। কতিপয় সদস্য নিজেদের ইচ্ছামত কার্যক্রম চালাচ্ছে। এতে অধিকাংশ সদস্যদের কোন মতামত নেয়া হয়নি। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দাতা সদস্য, স্থানীয় বাসিন্দা ও নিয়মিত মুসল্লিরা ১১ মার্চ বিকাল ৫ টায় মসজিদের সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেন।বৈঠকে মসজিদের চলমান কার্যক্রম স্বাভাবিক রাখতে ৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।সদস্যগণ যাথাক্রমে মাওলানা আনোয়ার আলম,অধ্যাপক বশির আহমদ,মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক ও মোহাম্মদ সালাহ উদ্দিন।