আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ



ইন্টারব্যাংক ফুটবল টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংককে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ইউসিবি চকরিয়া

চকরিয়া প্রতিনিধি:

দারুণ নৈপুণ্যে ব্র্যাক ব্যাংক চকরিয়া শাখাকে ২-০ গোলে পরাজিত করে ইন্টারব্যাংক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল নিশ্চিত করেছে ইউসিবি ব্যাংক চকরিয়া শাখা।

ইউসিবি চকরিয়া শাখা দলকে চমৎকার নেতৃত্ব দিয়েছেন শাখা ব্যবস্থাপক ।  তাঁর দিকনির্দেশনা ও দক্ষ পরিচালনায় দলটি খেলার শুরু থেকেই দৃষ্টিনন্দন ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় কিংস এরিনা, শাহওমরাবাদ, চকরিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ইউসিবি ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি চকরিয়া শাখা। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইউসিবি। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে দুই গোল আদায় করে নেয় তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের মঞ্চে উঠে যায় ইউসিবি চকরিয়া।

ম্যাচজুড়ে নজরকাড়া পারফরম্যান্সে ইউসিবির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোহাম্মদ সুয়াইব। দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল ইউসিবি চকরিয়া শাখা।