চকরিয়া প্রতিনিধি:
বন্যা ও পানিবন্দি মানুষের দুর্ভোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)। দেশী ও বিদেশি দাতা সংস্থার অর্থায়নে কক্সবাজারের চকরিয়া ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, হাইজিন কিট, পোশাক, জুতা, ব্যাগ ও শিশুদের খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।
চব্বিশে জুলাই থেকে বন্যা শেষ হওয়ার সাথে সাথেই চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গত ও পানিবন্দি ৬০৫টি পরিবারের মাঝে জরুরি ফুড প্যাক বিতরণ করা হয়।প্রতিটি ফুড প্যাকে প্রায় ২২ কেজি খাদ্যসামগ্রী রয়েছে। এর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৪ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট বিস্কুট ও ১ কেজি মুড়ি রয়েছে।
ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার।
এছাড়া ছওয়াবের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্লা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মাহমুদ ভূইয়্যা, কক্সবাজার সহকারী জেলা সমন্বয়ক আতাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি চকরিয়া উপজেলার কৈয়ারবিল, ফাঁসিয়াখালী, হারবাংসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৪ হাজার পরিবারের মাঝে দুই কনটেইনার ইনকাইন্ড গিফট হিসেবে প্রাপ্ত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের পোশাক, জুতা, ব্যাগ, হাইজিন কিট এবং শিশুদের খেলনা।
অন্যদিকে, বাঁশখালী উপজেলার আচ্ছাফিয়াপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ছওয়াব টিমের উপস্থিতিতে এবং স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ২০০টি ফুড প্যাক ও ১০০টি হাইজিন কিট বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা ছওয়াবের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছে। এমন কঠিন সময়ে ছওয়াবের পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে তারা অনেকটা স্বস্থি পেয়েছেন।
উপকারভোগীরা আরও বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ছওয়াব যেন আরও বৃহৎ পরিসরে বন্যা ও অন্যান্য দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে তারা এমন প্রত্যাশা জানান ।
স্থানীয় ব্যক্তিবর্গও ছওয়াবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে সরকারি-বেসরকারি ও স্থানীয় উদ্যোগের সমন্বিত প্রচেষ্টা ক্ষতিগ্রস্থ মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রুতততম সময়ে দুর্গত মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছওয়াবের উদ্যোগ প্রশংশনীয়
ছওয়াবের সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি সময়ে দ্রত সহায়তা পৌঁছে দেওয়া ছওয়াবের অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখবে সংস্থাটি।



© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc