আজ, বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ



চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার ও গ্রেফতারের দাবীতে ঢাকায় মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তিঃ
হত্যা এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনসহ পৃথক দুই মামলার প্রধান আসামী চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়াকে প্রত্যাহার করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সারা দেশ থেকে আগত সাংবাদিকরা।

১২ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, কক্সবাজার সদর থানার আওতাধীন এলাকা থেকে সাংবাদিক মনছুর আলম মুন্না’কে তুলে নিয়ে গিয়ে চকরিয়া থানায় হত্যাচেষ্টা ও অমানুষিক নির্যাতনের পর মিথ্যা মামলায় কারাগারে চালান দেয়ার দায়ে চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়া’সহ আঁট পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি পুলিশ সুপারকে সরাসরি তদন্তের নির্দেশ দেন৷ এ ছাড়াও ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে।
স্বপদে বহাল থেকে এসব মামলা তদন্তে প্রভাব বিস্তার করছেন তিনি। এতে মামলার সঠিক তদন্ত ও বিচার নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু এরপরও অভিযুক্ত ওসি মনজুর কাদের ভুইঁয়াসহ অন্যান্য আসামীরা চকরিয়া থানায় বহাল তবিয়তে রয়েছেন।

তাদেরকে প্রত্যাহার ও গ্রেপ্তার না করলে মামলা তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, ওসি মনজুর কাদেরের নানা অপকর্ম ও ঘুষ বাণিজ্যের ব্যাপারে ইতোপূর্বে গণমাধ্যমে তথ্য বহুল সংবাদ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও আইজিপি ও ডিআইজি বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীসহ ঢাকাস্থ পেশাদার সাংবাদিকরা মিলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করছেন।

মানববন্ধনে সাংবাদিকদের উপস্থিতিতে সবাই তীব্র প্রতিবাদের পাশাপাশি ওসিসহ আট পুলিশকে চকরিয়া থানা থেকে সরিয়ে রেঞ্জে সংযুক্ত করার দাবী জানিয়েছেন।

সকাল ১০ টা থেকে শুরু হওয়া দুই ঘন্টার মানববন্ধনে সাংবাদিক নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। পাশাপাশি অনতিবিলম্বে ওসিকে প্রত্যাহার ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন ( বসকো ) এর সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে চাকরি থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়াকে যদি অপসারণ করা না হয় তাহলে দেশজুড়ে কঠিন কর্মসূচী দেয়া হবে। হত্যা মামলাসহ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনের মামলার আসামী হয়েও এই মনজুর কাদের একটি থানার ওসি হিসাবে বহাল থাকায় বিষ্ময় প্রকাশ করেন বক্তারা।

বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক ) এর সভাপতি খায়রুল আলম রফিক বক্তব্যে বলেন, সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক। কোন সাংবাদিক কোন পুলিশের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে আক্রমণ করেনি। কিন্তু পুলিশ কেন সাংবাদিকদের নির্যাতন চালায় ? এটি শুধু সাংবাদিক মনছুর আলম মুন্নার জন্য হুমকি না। এটি সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি মর্মান্তিক ঘটনা। ওসির এমন কান্ড পুরো দেশ জুড়েই একটি ডিপার্টমেন্টকে কলঙ্কিত করেছে।
ওসি মনজুর কাদের ভুইঁয়াকে থানা থেকে সরিয়ে নেয়ার জোর দাবি জানিয়ে তার বিরুদ্ধে হওয়া মামলার যেন সঠিক তদন্ত ও বিচার হয় সেই প্রত্যাশা ব্যাক্ত করেছেন এই সাংবাদিক নেতা।
ওসি মনজুর কাদেরকে গ্রেফতারের দাবী জানিয়ে এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক সাংবাদিক উপস্হিত ছিলেন।