আজ, শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ



চকরিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ২৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ; ৩ জন আটক

কফিল উদ্দিন চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা, দুবাইয়ের দিরহাম, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ২৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বিদেশি মুদ্রা, বিভিন্ন স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

অভিযোগে আবুল কালাম (৪২) বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করেছেন। নামীয় আসামিরা হলেন— ইয়াছিন আরফাত ওরফে মার্শাল, ববিহাজ্জাত ইমন, আবির হোসেন ওরফে বাবুন, মো. নয়ন, মো. রুবেল ও মো. লিটন।

বাদীর অভিযোগ, ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মো. নয়ন, আবির হোসেন ওরফে বাবুন এবং মো. লিটনকে আটক করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ডাকাতরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে নগদ অর্থ, দুবাইয়ের দিরহাম, বিবাহ উপলক্ষে আনা স্বর্ণালংকার এবং পরিবারের ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এজাহারের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।