আজ, শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ



চকরিয়ায় শারদীয় উৎসবে ৪৯টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে  আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব- ২০২৬ উপলক্ষে চকরিয়া উপজেলার ৪৯টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বমোট ৩১৬ জন সদস্য মোতায়েনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপ সমূহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েনকৃত সদস্যরা নিয়োজিত থাকবে।

তরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর থেকে চকরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সমূহে দায়িত্ব পালনের জন্য মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তামোঃ ওয়াহিদুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষিকা রুপা বেগম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  AVMIS সিস্টেমের মাধ্যমে  নিবন্ধিত প্রশিক্ষিত এন্ড ইউজারদের( যারা শারদীয় সুরক্ষা  এ্যাপের মাধ্যমে সার্বক্ষনিক পরিস্থিতির তথ্য প্রদান করবে তাদের কর্মশালাও একই দিনেই অনুষ্ঠিত হয়েছিলো।

এছাড়াও গত ৭ ও ৮অক্টোবর’২৬ খ্রিঃ বুধবার ও বৃহস্পতিবার চকরিয়া উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে মৌলিক প্রশিক্ষণ এবং অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের ২ দিনব্যাপী বাচাইয়ের মাধ্যমে AVMIS সিস্টেমের অন্তর্ভূক্ত সদস্যদের বাচাই করা হয়।

বিফ্রিং প্যারেডে সদস্যদের  সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। পূজামণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চকরিয়া উপজেলার  প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।