আজ, রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ



চকরিয়ায় মগখাল খননে অনিয়মের অভিযোগ, ৩৪ লাখ টাকার কাজ নিয়ে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সীমান্তবর্তী চিরিঙ্গা ইউনিয়নের মগখাল খননকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই কিলোমিটার এলাকায় নামমাত্র খননকাজ সম্পন্ন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বরাদ্দ করা ৩৪ লাখ টাকার বিল উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় বিএডিসির কক্সবাজার ও চকরিয়া উপজেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে অর্থ ভাগবাঁটোয়ারার অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে বিএডিসির ঢাকাস্থ প্রধান কার্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে চকরিয়া উপজেলার খাল খননকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এখন তদন্তের মাধ্যমে খননকাজের প্রকৃত অবস্থা, বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার এবং অভিযোগের সত্যতা নিরূপণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।