আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ



চকরিয়ায় গভীর রাতে ওমরাহ পালনে থাকা বিএনপি নেতা জায়গা দখলের অভিযোগে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে গভীর রাতে দোকানঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন  (৪০) ও মো: রুবেল (৩৫) নামে দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন জমি মালিক পক্ষের প্রবীণ বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৫)।

 

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া বাসটার্মিনাল এলাকায় অভিযোগকারীর মালিকানাধীন জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্ত জসিম উদ্দিন  ও মো. রুবেলসহ ১০/১২ জন লোক অভিযোগকারীর মালিকানাধীন জমিতে প্রবেশ করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে অভিযোগকারী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।

এ সময় অভিযুক্তরা জমিটি দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগকারী দাবি করেন। পরে তিনি বিষয়টি চকরিয়া থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর নির্মাণের চেষ্টা করেছেন। ভবিষ্যতে তারা আবারও জমিতে প্রবেশ করে নির্মাণকাজ চালিয়ে যেতে পারেন এবং এতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন  ও মো. রুবেল কোচপাড়া এখলাছ মিয়ার পুত্র, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জমির মালিকানা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন জামাল উদ্দিন।

জমির অপর অংশিদার পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম ফোরকান বর্তমানে পবিত্র ওমরাহ পালনে রয়েছেন।

 

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও জমির মালিকানা সংক্রান্ত বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।