আজ, শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ



বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ: সিডিএর অভিযানে স্পর্শকাতর সরকারি স্থাপনা অরক্ষিত

নিজস্ব প্রতিনিধি ঃ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সীমানা প্রাচীর ও কয়েকটি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ২৪ জুলাই ২০২৬ তারিখ জুমার নামাজের সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে (র‍্যাম্প) নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে স্থাপনা রয়েছে দাবি করে সিডিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় বুলডোজার দিয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সীমানা প্রাচীরসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় বাংলাদেশ বেতারের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেছেন, সরকারি কোনো স্থাপনা অপসারণ বা ভাঙার ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু এ অভিযানে সেই নিয়ম-কানুনের কোনোটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তাদের দাবি।

কর্মকর্তাদের ভাষ্য, দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠান হিসেবে কেপিআই আওতাভূক্ত বাংলাদেশ বেতার কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার ফলে কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং পুরো স্থাপনাটি এখন অরক্ষিত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ, ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ বেতারের কর্মকর্তারা।